অনলাইনে নিরাপদ কেনাকাটায় এআই তৈরি ছবি চেনার ছয় উপায়

প্রতিদিনের ডেস্ক॥
অনলাইন কেনাকাটার জগতে বড় পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে এখন প্রায়ই দেখা মিলছে চমৎকার টি-শার্ট, নিখুঁত স্নিকার্স কিংবা ঝকঝকে ফোন কেসের ছবি। কিন্তু বাস্তবে এর বেশির ভাগেরই কোনো অস্তিত্ব নেই। ইন্টারনেটের বড় একটি অংশ এখন ‘পারফেক্ট’ পণ্যের ছবিতে ভরে উঠছে, যার বেশির ভাগই ভুয়া। প্রতারকরা সুযোগটাই কাজে লাগিয়ে বিক্রি করছে এমনসব সামগ্রী, যা হয়তো আদৌ তাদের কাছে নেই। ফলে পণ্য হাতে পেয়ে অনেকেই হতাশ হচ্ছেন। তবে কিছু গুরুত্বপূর্ণ কৌশল আর সচেতনতা থাকলে এ ধরনের প্রতারণা এড়িয়ে নিরাপদে অনলাইন কেনাকাটা করা যায়। যেমন
পণ্যের বিবরণ ভালোভাবে পড়া
এআই জেনারেটেড ভুয়া পণ্যের ছবি থেকে প্রতারিত না হতে চাইলে প্রথমেই ভালোভাবে পড়তে হবে পণ্যের বিবরণ। অনেক সময় ছবি খুব আকর্ষণীয় মনে হলেও বর্ণনায় লেখা থাকে ‘ডিজাইন ভিন্ন হতে পারে’ কিংবা ‘শুধু প্রদর্শনের জন্য’। এমন শব্দ বা বাক্য থাকলে সেটি সতর্ক হওয়ার ইঙ্গিত বলেই ধরে নেয়া ভালো।
ক্রেতার রিভিউ যাচাই
পণ্যের প্রকৃত অবস্থা বোঝার সবচেয়ে সহজ উপায় ক্রেতাদের পর্যালোচনা ও তাদের শেয়ার করা ছবি দেখা। অনেকে পণ্য ব্যবহারের পর বাস্তব অভিজ্ঞতা জানান, যা সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। তবে কিছু রিভিউও ভুয়াও হতে পারে। বিশেষ করে যেখানে একই রকম বাক্য বারবার ব্যবহার হয়েছে বা বানান ভুল রয়েছে। পণ্যের রিভিউ না থাকলে ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করা যায়। যদি দেখা যায় একই ছবি অনেক সাইটে ব্যবহার হচ্ছে, তাহলে ধরে নেয়া যায় এটি হয়তো এআই দিয়ে তৈরি।
একাধিক ছবি দেখা
আসল পণ্য বোঝার একটি ভালো উপায় একাধিক কোণ থেকে তোলা ছবি আছে কিনা তা দেখা। কারণ এআই একক ছবি তৈরি করতে পারলেও একই পণ্যের ভিন্ন ভিন্ন কোণের ছবি বানাতে গিয়ে প্রায়ই গড়বড় করে ফেলে। কোনো সাইটে একটি ছবি থাকলে সতর্ক হতে হবে। আর একাধিক ছবি থাকলে সবগুলোয় পণ্যের ডিজাইন, রঙ বা ব্যাকগ্রাউন্ড এক থাকছে কিনা তা যাচাই করতে হবে। ছোটখাটো অমিল থাকলেও তা সন্দেহের কারণ হতে পারে।কখনো কখনো বিক্রেতা ভিডিওও যোগ করে। ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা সেটিও চাইলে অনলাইন টুল দিয়ে যাচাই করা যায়।
দামের সামঞ্জস্য
বর্তমানে এআই দিয়ে খুবই বাস্তবসম্মত ও পেশাদার ছবি বানানো সম্ভব। অনলাইনে এমন অনেক পণ্য রয়েছে, যেগুলো দেখতে দুর্দান্ত হলেও দাম অস্বাভাবিকভাবে কম। এমন হলে সতর্ক হওয়াই ভালো। উচ্চ মানের পণ্যের দাম সাধারণত বেশি হয়, কারণ সেগুলোয় উন্নত উপকরণ ব্যবহার করা হয় ও দীর্ঘস্থায়ী হয়। যদিও অনেক প্রকৃত বিক্রেতা মাঝেমধ্যে মূল্যছাড় দেয়, তবে পণ্যের ছবি আর দামের মধ্যে বড় ফারাক থাকলে এড়িয়ে যাওয়াই ভালো।
ছবিটি মনোযোগ দিয়ে দেখা
এআই তৈরি ছবি চেনার জন্য কিছু ছোট, তবে গুরুত্বপূর্ণ বিষয়ও খেয়াল করা জরুরি। যেমন কাপড়ের নকশা মাঝে মাঝে বেঁকে যায় বা সঠিকভাবে মেলে না। আবার ছবিতে থাকা আঙুল, বোতাম অস্বাভাবিকভাবে বিকৃত দেখাতে পারে। এমনকি ব্যাকগ্রাউন্ডেও ভুল ধরা পড়তে পারে। যেমন ঘোলা হয়ে যাওয়া সামগ্রী, দেখে মনে হবে গলানো বা বিকৃত আসবাব, কিংবা এমন কিছু যা বাস্তবে থাকার কথা নয়।এমন অমিল বা অস্বাভাবিকতা দেখলে ধরে নেয়া যায় ছবিটি এআই দিয়ে তৈরি এবং পণ্যটি বাস্তবে তেমনটা নাও হতে পারে।
বিক্রেতার প্রোফাইল পরিদর্শন
পণ্যটি যেমনই হোক, কেনার আগে অবশ্যই বিক্রেতার প্রোফাইল দেখে নেয়া উচিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কেনাকাটার ক্ষেত্রে। বিশ্বাসযোগ্য বিক্রেতাদের রেটিং ভালো হয়। এছাড়া রিভিউগুলোও সাধারণত ইতিবাচক থাকে। যদি প্রোফাইল নতুন হয় বা রেটিং কম থাকে, তাহলে সতর্ক হওয়া ভালো।
অনলাইনে কোনো পণ্যের নাম লিখলেই একাধিক বিক্রেতার তালিকা চলে আসে। তাই কোনো পণ্য ভালো লাগলে প্রথমেই কিনে নেয়া ঠিক নয়। সময় নিয়ে পণ্যের বিবরণ ভালোভাবে পড়তে হবে এবং একাধিক প্রোফাইল ও সাইট ঘুরে তুলনা করে দেখতে হবে। পণ্য ও বিক্রেতা সম্পর্কে যত বেশি জ্ঞান থাকবে, প্রতারণা এড়িয়ে চলা তত সহজ হবে। মেকইউজঅব অবলম্বনে

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়