প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি কাছের বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তারকা দম্পতি পূজা ব্যানার্জি এবং কুনাল ভার্মা। মুম্বইয়ের বাসিন্দা হলেও অভিনেত্রীর বাংলা যোগ রয়েছে। কারণ টলিপাড়ার একাধিক সুপারহিট সিনেমায় দেখা গেছে তাকে। তার মতো জনপ্রিয় অভিনেত্রীর দিকেই আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আঙ্গুল তুলেছেন প্রযোজক শ্যাম সুন্দর দে এবং তার স্ত্রী মালবিকা দে। এবার সেই প্রেক্ষিতেই সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগড়ে দিলেন পূজা। প্রথমে পূজা-কুনালই আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন প্রযোজক শ্যাম সুন্দরের বিরুদ্ধে। তার অল্প কিছুদিন পরে প্রযোজকপত্নী পাল্টা আর্থিক প্রতারণা এবং অপহরণ করে তোলাবাজির অভিযোগ আনেন পূজা-কুনালের বিরুদ্ধে। এবার এসব বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকে সেখানে মুখ খুললেন পূজা। তিনি বলেন, আপনাদেরই উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া। কারণ আপনারা আমাদের ফোন নম্বর ভাইরাল করে দিয়েছেন। তারপর থেকে এমন সব ফোন আসছে, যা বলতেও আমাদের রুচিতে বাঁধছে। অনুরাগীরা আমাদের ভালোবাসেন ঠিকই, কিন্তু কিছু মানুষ আমাদের কথা না শুনেই আমাদের ওপর ঘৃণা বর্ষণ করে চলেছেন। অনেক খারাপ কথা বলা হচ্ছে আমাদের। শুধু তাই নয়, লোকজন প্রশ্ন তুলছেন- কীভাবে কাউকে অপহরণ করতে পারি আমরা। এ প্রসঙ্গে বলে দিই, এটা হয়তো অন্য কারও জন্য সহজ হবে, কিন্তু আমাদের জন্য খুব কঠিন। কারণ আমাদের এক সন্তান আছে। আমরা ওকে ছোট থেকেই ভালো শিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করছি। ও বড় হয়ে কী শুনবে যে, ওর মা-বাবা অপহরণকারী? এটা তো অন্যায়।

