প্রতিদিনের ডেস্ক
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ভারত। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছে বেজিংয়ে ভারতীয় দূতাবাস। খবর বার্তা সংস্থা রয়টার্সের। এর আগে চলতি বছরের মার্চ থেকে ভারতীয় পর্যটকদের জন্য আবারও ভিসা দেওয়া শুরু করেছিল চীন। সেই ধারাবাহিকতায় ভারতও একই রকম পদক্ষেপ নিল। ভারতের এই সিদ্ধান্তকে ‘ইতিবাচক’ পদক্ষেপ বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারত-চীন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহী বেইজিং। উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাদা দুটি সরকারি সফরে চীন গিয়েছিলেন এবং সেখানেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এর পরপরই ভারত এ সিদ্ধান্ত গ্রহণ করে। সাম্প্রতিক রাজনৈতিক যোগাযোগ ও কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে অবশেষে বরফ গলতে শুরু করেছে। দুই দেশই ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হচ্ছে। আর তারই এক বড় নিদর্শন হিসেবে, ভারতের তরফে এবার চীনা পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা এল।

