নিজস্ব প্রতিবেদক
যশোরে ভূমি মালিকদের অনুমতি ও পূর্ব অবহিত না করেই জোরপূর্বক উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় যশোর মেডিকেল কলেজ পাড় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। তিনি স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মানববন্ধনে বলা হয়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি যশোর পাওয়ার হাউজে একটি ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন স্থাপন করছে। এই লাইনটি যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিল এলাকার মধ্য দিয়ে নির্মাণ করা হচ্ছে। তবে যেসব জমির ওপর দিয়ে সঞ্চালন লাইনটি যাবে, সেসব ভূমির মালিকদের কোনো রকম অবহিত না করে এবং জমি অধিগ্রহণ ছাড়াই জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর অনেকেই সঞ্চিত অর্থ দিয়ে এই এলাকায় জমি কিনেছেন। বর্তমানে এসব জমির মূল্য প্রতি শতকে ৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। অথচ উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন নির্মিত হলে দুই পাশের জমিগুলোর ব্যবহার অযোগ্য হয়ে পড়বে এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হবে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে দাবি করা হয়, বাজারমূল্যে জমি অধিগ্রহণ না করে কোনোভাবেই এই সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, নাছির আহমেদ, জুয়েল মৃধা, তবিবর রহমান, শুকুর আলী, বজলুর রহমান ও তোতা মিয়া।

