১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি, নদ-নদীতে বাড়ছে পানি

আব্দুল আলিম, সাতক্ষীরা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই উপকূলীয় এলাকার নদ-নদীতে পানি স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নদীতে জোয়ারের সময় পানির উচ্চতা এক থেকে তিন ফুট পর্যন্ত বাড়তে পারে। যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উপকূলীয় নদীগুলোর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে কোথাও বাঁধ ভেঙে না গেলে জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। পাউবোর কর্মকর্তারা আরও জানান, এরইমধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁধ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা গোলাম রব্বানী বলেন, নিম্নচাপ মানেই আমাদের জন্য আতঙ্ক। কখন যে আবার কোন জায়গা থেকে বাঁধ ভেঙে যায়, এই ভয় নিয়েই থাকতে হয়। আমাদের এলাকায় এখনো অনেক বাঁধ দুর্বল। ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হলেই গ্রামের মানুষজন আতঙ্কে ভোগে। নদীতে মাছ ধরা যায় না, জীবন থমকে যায়। স্থানীয়দের আশঙ্কা, আগের অভিজ্ঞতার আলোকে এই অঞ্চলের ভাঙনপ্রবণ বাঁধগুলো এখনো মেরামত না হওয়ায় আবারও নতুন করে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। উপকূলজুড়ে জনমনে উদ্বেগ থাকলেও প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতি নজরে রেখেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়