১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড

প্রতিদিনের ডেস্ক
কয়েকদিন ধরেই বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচনায় চীনের স্কুলছাত্রী ইউ জিদি। মাত্র ১২ বছর বয়সেই পদক জিতে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপসে এবার সে বিশ্বরেকর্ড গড়েছে। মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জজয়ী চাইনিজ দলের সদস্য ছিল ইউ জিদি। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ইভেন্টে অবশ্য সাঁতরায়নি চীনের আলোচিত স্কুলছাত্রী। তবে সে তৃতীয় পদকজয়ী দলের সদস্য। যেখানে অস্ট্রেলিয়া স্বর্ণপদক ও যুক্তরাষ্ট্র রৌপ্য জিতেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে পদকজয়ী ম্যাচে উত্তীর্ণ হওয়ার পথে অবশ্য ভূমিকা ছিল ইউ জিদির। সাঁতরেছিল আগের রাউন্ডে। সাঁতারের বৈশ্বিক কোনো মেজর টুর্নামেন্টে পদক জয়ের পথে সর্বকনিষ্ঠ সাঁতারু ইউ জিদি। এর মধ্য দিয়ে সে ভেঙেছে ৩৯ বছরের পুরোনো রেকর্ড। যদিও ইভেন্ট ছিল ভিন্ন, ১৯৮৬ সালে অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপসে মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১৩ বছর ১৫৮ দিন বয়সে পদক জেতে কানাডার অ্যালিসন হিগসন। গতকাল ১২ বছর ২৯২ দিন বয়স হয়েছিল ইউ জিদির। অবশ্য তার চেয়েও কম বয়সে অলিম্পিকে ব্রোঞ্জ জেতার কীর্তি আছে। ১৯৩৬ আসরে ১২ বছর পূর্ণ হওয়ার এক মাস আগে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিল ডেনমার্কের ইনগে সোরেনসেন। তবে বিশ্ব অ্যাকুয়াটিকসে সর্বকনিষ্ঠের রেকর্ডটি এখন ইউ জিদির দখলে। এরপর তার প্রতিক্রিয়া ছিল এমন, ‘আমি আবেগতাড়িত হয়ে পড়েছি, এটি অসাধারণ অনুভূতি।’ আগামী অক্টোবরে ১৩ বছরে পূর্ণ হবে চাইনিজ এই স্কুল শিক্ষার্থীর। এবার মেয়েদের ব্যক্তিগত ২০০ মিটার বাটারফ্লাইতেও ফাইনালে লড়েছিল সে। তবে অল্পের জন্য চতুর্থ হয়ে ইউ জিদি পদক হাতছাড়া করে। এ ছাড়া গত সোমবার ব্যক্তিগত মেডলি ইভেন্টের ফাইনালে পদক হাতছাড়া হয় মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে। সেখানেও তার অবস্থান ছিল চার নম্বরে। গত মে মাসে ২০০ মিটার মেডলি মাত্র ২ মিনিট ১০.৬৩ সেকেন্ডে শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিল ১২ বছরের বালিকা ইউ জিদি। এরপর থেকেই সে সামাজিক মাধ্যমে ভাইরাল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়