মাসুম বিল্লাহ কেশবপুর
কেশবপুর পৌর এলাকায় গভীর রাতে একটি মুদি দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের বিভিন্ন আইটেমের মুদি মালামালসহ নগদ টাকা নিয়ে যায়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে পৌর এলাকার কালাবাসার মোড় এলাকার কৃষ্ণ ষ্টোরে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক স্থানীয় কৃষ্ণ সাহা জানান, বেচাকেনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। ভোরে সাড়ে ৫ টার পর দোকান খোলার সময় দেখতে পান উপরের টিনের ছাউনি কেটে চোরেরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রকারের সিগারেটসহ অন্যান্য মুদি মালামাল নিয়ে গেছে। এছাড়া তার গরু ব্যবসার ২ লক্ষ ৮৫ হাজার টাকা ও ক্যাশ ড্রয়ারে থাকা নগদ প্রায় ৫ হাজার টাকাসহ মোট প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি জানান এর আগেও তার ব্যবসা প্রতিষ্ঠানে দুই বার চুরির ঘটনা ঘটেছে । চুরির ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে, কেশবপুর থানার এসআই হেলালউজ্জামান বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

