নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যেভাবে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকারও নিশ্চিত করবো। যে ভোটের অধিকার আদায়ের জন্য রক্তস্নাত পথ পাড়ি দিয়েছি, সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের শংকরপুর মুরগি ফার্ম গেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই নারীদের সুরক্ষা নিশ্চিত করেছে। অথচ শেখ হাসিনা তার দলের নারীদের গুন্ডা বাহিনীতে রূপান্তর করেছে এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করেছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান অনন্য, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল তা স্বীকার করেনি। বিএনপি নারীদের সেই অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চায়। নারী নেত্রী জাহানারা খাতুন লিনা সমাবেশে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।

