নিজস্ব প্রতিবেদক
যশোর সিটি কলেজপাড়ায় জামাইকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাও আবার খোদ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি পারভেজ (২৩) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর মঙ্গল গ্রামের মহিউদ্দিন চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানার মনিহার ভিসা অফিসের সামনে খোদ শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ৭ মাস আগে পারভেজের বিয়ে হয় চাঁদনী আক্তার লতার (১৮) সঙ্গে। এই বিয়েকে কেন্দ্র করে লতার বাবা লুৎফার শিকদার তার বিরুদ্ধে মামলা করেন। শনিবার সেই মামলা মীমাংসার জন্য উভয়পক্ষ দেখা করলে লতার বাবা ও মা মিলে পারভেজকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা যায়, পারভেজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

