প্রতিদিনের ডেস্ক
আইপিএলের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা ছিল ২০০৮ সালের ‘চড়কাণ্ড’। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা হরভজন সিং মাঠে করমর্দনের সময় চড় মেরেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের জোরে বোলার এস শ্রীশান্তকে। সেই ঘটনার জন্য হরভজনকে আট ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এত বছর পর আবারও সেই ভিডিও প্রকাশ্যে এনেছেন সাবেক আইপিএল কমিশনার ললিত মোদী। এরপরই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে ‘বিয়ন্ড ২৩’ নামের এক পডকাস্টে কথা বলার সময় বিষয়টি সামনে আনেন ললিত। ভিডিও প্রকাশ্যে আসার পরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীশান্তের স্ত্রী ভুবনেশ্বরী।
তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘ললিত মোদী ও মাইকেল ক্লার্ক, আপনাদের লজ্জা লাগা উচিত। আপনারা মানুষ! শুধুমাত্র নিজেদের নোংরা প্রচারের জন্য ২০০৮ সালের একটা ঘটনা প্রকাশ্যে আনলেন। হরভজন ও শ্রীশান্ত দু’জনেই সেই ঘটনা ভুলে গিয়েছে। ওরা এখন সন্তানের পিতা। সেই সন্তানের স্কুলে পড়ে। আর আপনারা এখন পুরনো ঘা খুঁচিয়ে তোলার চেষ্টা করছেন। আপনারা হৃদয়হীন, অমানুষ।’তিনি আরও লেখেন, ‘জীবনের কঠিন পরিস্থিতি সামলে সম্মানের সঙ্গে বাঁচা শুরু করেছে শ্রীশান্ত। ওর স্ত্রী এবং ওর সন্তানদের মা হিসাবে ১৮ বছরের পুরনো একটা ঘটনা দেখে কষ্ট হচ্ছে। আপনাদের প্রচারের জন্য ধামাচাপা পড়ে যাওয়া ঘটনা নিয়ে আবার আমাদের দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটাতে হবে। যে সন্তানেরা এ সবের কিছুই জানে না, তাদের প্রশ্নের মুখে পড়তে হবে। ওদের তো কোনও দোষ নেই।’
ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে করমর্দনের লাইনে দাঁড়িয়েছিলেন দুই দলের ক্রিকেটার। শ্রীশান্ত যখন সামনে আসেন, হরভজন তাঁকে পাশ কাটিয়ে হঠাৎই ব্যাকহ্যান্ড শটে গালে চড় দেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সতীর্থরা পরিস্থিতি সামাল দেন।
ললিত মোদী বলেছেন, ‘ঘটনাটা অবশ্যই ঘটেছিল। ভাজ্জি এক ঝলক দেখল শ্রীশান্তকে, তার পরই একটা ব্যাকহ্যান্ডার চালিয়ে দিল।’ তিনি আরও জানান, ‘তখন আমি আইপিএল কমিশনার ছিলাম। হরভজনকে শাস্তি না দিয়ে উপায় ছিল না। অনেকেই আজীবন নিষিদ্ধ করার দাবি করেছিলেন। কিন্তু সেটা আইপিএলের প্রথম বছর ছিল। আবেগ খুব বেশি ছিল। তাই আট ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
ঘটনার পর হরভজন বহুবার শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে দুই তারকাকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে। দু’জনেই বলেছেন, সেই ঘটনা তারা ভুলে গেছেন। তবে ললিতের কারণে তা আবার শিরোনামে উঠে এসেছে।

