প্রতিদিনের ডেস্ক
দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, বলিউডের দুই সুপারস্টার। দু’জনেরই জনপ্রিয়তা আকাশচুম্বী। দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ের আগে থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নজরে আসে। কিন্তু সম্প্রতি এক পোশাক ব্র্যান্ড আলিয়াকে তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আলিয়া ভাট সম্প্রতি আমেরিকান পোশাক কোম্পানি Levi’s-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় ঝড় উঠেছে। দীপিকা পাড়ুকোনের ভক্তরা আলিয়ার এই প্রাপ্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
দীপিকা পাড়ুকোন এতদিন Levi’s-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেই জায়গা থেকে আলিয়া ভাটকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হলে দীপিকার অনুরাগীরা প্রশ্ন তোলেন, কেন তাদের প্রিয় অভিনেত্রীকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল? সোশ্যাল মিডিয়ায় অনেকেই আলিয়াকে এই জায়গা ‘চুরি’ করার জন্য সরাসরি আক্রমণ করেছেন। কেউ কেউ আবার আলিয়াকে দীপিকার প্রতি ঈর্ষান্বিত বলেও অভিযোগ করেছেন। কেউ কেউ বলছেন, ‘দীপিকার থেকে সবকিছু কেড়ে নেয়া আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আপনি সবকিছুর জন্য এত ক্ষুধার্ত এবং ঈর্ষান্বিত কেন? ’
কারও কটাক্ষ, ‘আলিয়াকে কেন নেওয়া হল? আমরা দীপিকাকে ফেরত চাই।’ আরেকজন ব্যবহারকারী এই পরিবর্তনকে ‘একেবারেই অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, ‘অভিনন্দন, কিন্তু দীপিকার ওপর Levi’s-এর ডেনিম যেমন মানাত, তা তুলনাহীন!’ এখনও পর্যন্ত এবিষয়ে দীপিকা বা আলিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে আপাতত দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে উত্তেজনা যে তুঙ্গে তা বলাই বাহুল্য। আলিয়া ভাটকে সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাকে ওয়াইআরএফ-এর স্পাই ফিল্ম ‘আলফা’-তে দেখা যাবে। এছাড়াও, তিনি সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তার অভিনেতা স্বামী রণবীর কাপুর এবং অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর এটিই হবে রণবীরের সঙ্গে তার দ্বিতীয় কাজ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

