দুর্লভ খনিজ পেতে…

প্রতিদিনের ডেস্ক
চীনের নিয়ন্ত্রণে থাকা ডিসপ্রোসিয়াম ও টারবিয়ামের মতো দুর্লভ খনিজের বিকল্প উৎস খুঁজছে ভারত। এ জন্য মিয়ানমারের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) সঙ্গে গোপনে আলোচনা শুরু করেছে দেশটি। বিষয়টি সম্বন্ধে অবগত চারটি সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের খনিজ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত খনিজ কম্পানি আইআরইএল এবং বেসরকারি প্রতিষ্ঠান মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসকে উত্তর মিয়ানমারের খনি থেকে নমুনা সংগ্রহ ও পরিবহনের সম্ভাবনা যাচাই করতে বলেছে। ওই খনিগুলো কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে। সূত্রগুলো বলছে, এসব নমুনা পাঠানো হলে বৈদ্যুতিক গাড়ি ও উন্নত যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় চুম্বক তৈরির মতো পর্যাপ্ত ভারি দুর্লভ ভৌত পদার্থ মিয়ানমারের খনিতে আছে কিনা, তা ভারতের গবেষণাগারে পরীক্ষা করা হবে। এক বৈঠকে এ প্রস্তাব তোলে ভারতের খনিজ মন্ত্রণালয়। বৈঠকে আইআরইএল, মিডওয়েস্টসহ অন্তত আরো একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাধারণত রাষ্ট্রবহির্ভূত শক্তির সঙ্গে ভারত এমন আলোচনা করে না। সে বিবেচনায় এটি বেশ বিরল উদ্যোগ বলে মনে করছে রয়টার্স। কেআইএর এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ইতোমধ্যে খনিজের নমুনা সংগ্রহে কাজ শুরু করেছে। ভারতে বড় আকারে রপ্তানি সম্ভব কি না, তা খতিয়ে দেখতেও সম্মত হয়েছে তারা। তবে ভারত, আইআরইএল, মিডওয়েস্ট কিংবা কেআইএর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বিশ্বজুড়ে দুর্লভ খনিজ পাওয়া গেলেও সেগুলোকে চুম্বকে রূপান্তরের প্রযুক্তি মূলত চীনের দখলে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়