ভারত-ইসরায়েলের বিনিয়োগ চুক্তি

প্রতিদিনের ডেস্ক
গত ৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারত ও ইসরায়েল একটি দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি (বাইল্যাটেরাল ইনভেস্টমেন্ট ট্রিটি) স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা। গাজা সিটিতে চলছে ক্রমাগত হামলা। অধিবাসীদের দ্রুত শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে ইসরায়েল, এ অবস্থায় দেশটির কট্টর-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ভারত সফর। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সফররত ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটরিচ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠক করে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সই করেন। চুক্তিটি করা হয়েছে বিনিয়োগকারীদের জন্য নিশ্চয়তা ও সুরক্ষা প্রদান, বাণিজ্য ও পারস্পরিক বিনিয়োগের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উদ্দেশ্যে। এতে বিনিয়োগের অধিগ্রহণ থেকে সুরক্ষা, পুঁজির নির্বিঘ্ন স্থানান্তর এবং ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়ার বিধান রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্মোটরিচ লিখেছেন, ‘এই চুক্তি আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ।’ এই যৌথ দৃষ্টিভঙ্গির পরিসর ছাড়িয়ে আরো বড় ইঙ্গিত হলো, ২০২৩ সালে ঘোষিত মার্কিন সমর্থিত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইসি) প্রকল্পকে নিঃশব্দে এগিয়ে নেওয়া। এই প্রকল্পের মাধ্যমে নতুন সমুদ্রপথ, রেল, জ্বালানি ও ডিজিটাল অবকাঠামো গড়ে তুলে ভারতকে উপসাগর ও ইসরায়েলের মাধ্যমে ইউরোপের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল। যদিও শুরুতে প্রকল্পটি অনেক আশাব্যঞ্জক ছিল, তবে পরে গাজা যুদ্ধের কারণে এটি স্থবির হয়ে যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়