প্রতিদিনের ডেস্ক
উত্তর আফগানিস্তানের পাঁচটি প্রদেশে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। স্থানীয় সময় গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, অনৈতিক কার্যকলাপ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাটি উত্তরাঞ্চলের কুন্দুজ, বাদাখশান, বাগলান, তাখার এবং বালখ প্রদেশে কার্যকর হবে। এই এলাকাগুলো উত্তর আফগানিস্তানের জনবহুল কেন্দ্রগুলোকে ঘিরে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে দেওয়া সমস্ত ইন্টারনেট সংযোগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও, সেলফোন ডেটা পরিষেবায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে। তবে প্রদেশগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যেই সব ফাইবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ‘অনৈতিক কার্যকলাপ রোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় কাজের জন্য একটি বিকল্প ব্যবস্থা চালু করা হবে।’ ফাইবার সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় অফিস, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ইন্টারনেটবিহীন হয়ে পড়েছে। এর আগেও দেশটিতে অনলাইনে পর্নোগ্রাফি ও নারী-পুরুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তালেবান। সূত্র : রয়টার্স, সিএনএন

