১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

লাউড স্পিকারে সম্প্রচার হবে নেতানিয়াহুর ভাষণ

প্রতিদিনের ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ গাজায় লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। এ নির্দেশ নিয়ে সেনাবাহিনীর ভেতরে তীব্র আপত্তি থাকলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। গাজা উপত্যকায় প্রবেশের আগে লাউডস্পিকার-সজ্জিত আইডিএফ ট্রাক। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজ ও হা’রেৎজ জানায়, পুরো গাজা উপত্যকায় লাউডস্পিকার বসিয়ে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি সম্প্রচার করতে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনী এ পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে, কারণ এর ফলে সেনাদের এমন এলাকায় প্রবেশ করতে হবে যেখান থেকে তারা হামাসের টার্গেটে পরিণত হতে পারে। একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হা’রেৎজকে বলেন, ‌‘এটা সম্পূর্ণ পাগলামি। রাজনৈতিক পরিমণ্ডলের বিভিন্ন পক্ষই বলছে, এর কোনো যৌক্তিকতা নেই। এর সামরিক লাভ কেউ খুঁজে পাচ্ছে না।’ সেনাবাহিনীর একটি সূত্র একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ’ বলে আখ্যা দিয়েছে। তবে সেনাবাহিনী স্পষ্ট করেছে যে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অমান্য করবে না। ইতোমধ্যে ৯৯তম ডিভিশনের সৈন্যরা গাজা সীমান্তে সামরিক গাড়ির ওপর লাউডস্পিকার বসিয়েছে বলে ইসরাইলি কান সম্প্রচার সংস্থার সামরিক প্রতিবেদক এক্স-এ একটি ছবি শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণ ইসরাইল সময় বিকেল ৪টায় শুরু হওয়ার কথা। এতে তিনি মূলত পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়