প্রতিদিনের ডেস্ক
ভারতীয় স্পিনার কুলদীপ যাদব দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়লেন। দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট তুলে নিয়ে তিনি টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫টি পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি লেগ স্পিনার হয়ে উঠেছেন। কুলদীপ এখন পর্যন্ত টেস্টে মোট ৫টি পাঁচ উইকেট নিয়েছেন—যা বাঁহাতি লেগ স্পিনারদের মধ্যে ইংল্যান্ডের জনি ওয়ার্ডলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। তবে যেখানে ওয়ার্ডল এই কীর্তি গড়েছিলেন ২৮ টেস্টে, সেখানে কুলদীপ তা করেছেন মাত্র ১৫ টেস্টে। রবিবার তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৮১.৫ ওভারে ২৪৮ রানে অলআউট করতে ৫ উইকেট নেন কুলদীপ। তার বোলিং ফিগার ছিল ২৬.৫ ওভারে ৮২ রানে ৫ উইকেট। সকালের সেশনে কুলদীপ তার ঘূর্ণির জাদুতে শাই হোপ, টেভিন ইমলাচ ও জাস্টিন গ্রেভসকে পরপর ফিরিয়ে দেন। শেষ দিকে জেডেন সিলস কিছুটা লড়াই করলেও কুলদীপের নিখুঁত গুগলিতে এলবিডব্লিউ হয়ে যান, আর তাতেই সম্পূর্ণ হয় কুলদীপের পঞ্চম পাঁচ উইকেট। প্রথম ইনিংসে ২৭০ রানের পিছিয়ে তেকে ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
