নিজস্ব প্রতিবেদক
যশোরে ১৪ মামলার আসামি ও শহরের বারান্দীপাড়ার আলোচিত ব্যক্তি শরিফুল ইসলাম জিতুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নিজ এলাকা বারান্দী মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জিতুকে পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জিতু একটি মামলায় জামিনে বের হয়ে আসে। এরপর তার পরিবার তাকে শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। শনিবার বিকেলে সেখান থেকে পালিয়ে এসে তিনি পরিবারের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন এবং কয়েকজনকে মারধর করেন। প্রতিবেশীরা বাধা দিতে গেলে তাদেরও আক্রমণ করেন তিনি। পরে উত্তেজিত এলাকাবাসী একত্র হয়ে তাকে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, এলাকাবাসী আহত অবস্থায় জিতুকে পুলিশে সোপর্দ করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জিতুর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে।
