নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলা অবৈধ ফিজিওথেরাপি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের নিরাপত্তা শাখার সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়াই কয়েকটি বেসরকারি ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের কাছে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। এসময় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সেবা ফিজিওথেরাপি সেন্টার, হিড্যো ফিজিওথেরাপি সেন্টার, সোনালী ফিজিওথেরাপি সেন্টার ও মেঘনা ফিজিওথেরাপি সেন্টার–এর সঙ্গে যুক্ত বলে নিশ্চিত করেছে হাসপাতাল প্রশাসন। অভিযানকালে হাসপাতালের দায়িত্বরত পুলিশ সোহেল রানা সহায়তা করেন। আটককৃতদের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, সরকারি হাসপাতালে অনুমোদন বিহীনভাবে বেসরকারি চিকিৎসা সেবা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে কেউ এমন কার্যক্রমে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে

