নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জননেতা ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন অভয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভয়নগর উপজেলার নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় যশোর-খুলনা মহাসড়কে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। অনুষ্ঠানে বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সহসভাপতি শাহজাহান মুন্সী, সরোয়ার রহমান ফারাজী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মারুফুর রহমান ফরাজী, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাস্টার ও সাধারণ সম্পাদক মাহমুদ কবীর, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী খান ও সাধারণ সম্পাদক ইয়ার আলী, চলিশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুর জালালসহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান একজন সৎ, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে যশোর-৪ আসনে বিএনপির সংগঠন তৃণমূল পর্যন্ত শক্তিশালী হয়েছে। বক্তারা আরও বলেন, এই ত্যাগী ও পরীক্ষিত নেতাকে যদি বিএনপি আসন্ন নির্বাচনে মনোনয়ন না দেয়, তবে তা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে না। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, যশোর-৪ আসনে ফারাজী মতিয়ার রহমানকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবেই।

