১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে ভূমি অফিসে সেবা গ্রহীতা মারধরের শিকার

মাসুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক সেবাগ্রহীতা মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই সেবাগ্রহীতা মুজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজিবুর রহমান একটি মামলা–সংক্রান্ত নথির অনুলিপি সংগ্রহের জন্য ১৯ আগস্ট ও ১৫ অক্টোবর উপজেলা ভূমি কার্যালয়ে আবেদন করেন। কিন্তু বারবার যোগাযোগ করেও তিনি অনুলিপির কপি পাননি। অভিযোগে বলা হয়, অফিসের সার্টিফিকেট সহকারী মো. হাদিউজ্জামান ওই নথির কপি দিতে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মুজিবুর রহমান তাঁর চাহিদা অনুযায়ী ১০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু বাকি টাকা না দেওয়ায় তাঁকে ঘোরাতে থাকেন হাদিউজ্জামান।
মুজিবুর রহমান অভিযোগ করেন, সর্বশেষ গত সোমবার তিনি কার্যালয়ে গিয়ে অনুলিপির কপি চাইলে সার্টিফিকেট সহকারী হাদিউজ্জামান তাঁর জামার কলার ধরে মারধর করেন এবং দা দিয়ে কেটে ফেলার হুমকি দেন। একই সঙ্গে তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে জেলে পাঠানোর হুমকিও দেন। এই ঘটনায় তিনি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জীবনে এভাবে অপমানিত হব, ভাবতেই পারিনি। ওই ঘটনার পর থেকে রাতে ঘুমাতে পারছি না। মানসিকভাবে খুব ভেঙে পড়েছি।’ অভিযুক্ত হাদিউজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মুজিবুর রহমানকে কোনোভাবেই মারধর করিনি এবং ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার কথাও সত্য নয়।’ কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। অভিযোগকারীকে আগামীকাল ডেকে বিস্তারিত শুনে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়