প্রতিদিনের ডেস্ক
ভারতে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত করেছে। মুর্শিদাবাদ জেলায় ‘বাবরি মসজিদ নির্মাণ’ করার ঘোষণা দেওয়ার জেরেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। কবির ঘোষণা দিয়েছিলেন, তিনি আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অযোধ্যার বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ও বিজেপির নেতৃত্বাধীন ডানপন্থী জনতা ভেঙে ফেলে। তারা দাবি করেছিল, ওই স্থানে প্রাচীন রামমন্দির ছিল। পরে ২০১৯ সালে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ নির্দেশ দেয়, ওই জমি একটি ট্রাস্টকে দেওয়া হবে, যারা রামমন্দির নির্মাণের তত্ত্বাবধান করবে। চার বছরেরও বেশি সময় পর, ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বাবরি মসজিদ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার কারণেই কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।

