প্রতিদিনের ডেস্ক
ভেন্যু বদলে গেলেও মিচেল স্টার্কের ‘ছোবল’ বন্ধ হয়ে যায়নি। পার্থে যেখানে শেষ করেছিলেন আজ ব্রিসবেনে সেখানেই শুরু করলেন তিনি। একের পর এক পেস ‘ছোবলে’ ইংল্যান্ডের ব্যাটারদের ‘মৃত্যুবরণ’ করতে বাধ্য করেন অস্ট্রেলিয়ান পেসার। তবে গোলাপি বলের টেস্টে স্টার্কের পেস-বিষের সামনে বিন হাতে দাঁড়ালেন জো রুট। শুধু দাঁড়ালেন না, নিজের দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে যে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটার। টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের আজকের আগে ছিল না অজিদের মাটিতে সেঞ্চুরি। ক্যাঙ্গারুদের বিপক্ষে আগে ৪ সেঞ্চুরি হাঁকালেও তাই আজকেরটি বিশেষ ছিল রুটের কাছে। স্কট বোল্যান্ডের বলকে ফাইন লেগ দিয়ে আলতো ছোঁয়ায় বাউন্ডারি হাঁকিয়ে জীবনের সেরা হাসিটাও যেন দিলেন তিনি। ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি পেয়েছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। দিন শেষেও রুটের ব্যাটের হাসি অপরাজিতই আছে। কেননা ব্রিসবেন টেস্টের প্রথম দিন শেষে ১৩৫ রানে অপরাজিত আছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে তাকে সঙ্গ দিচ্ছেন জফরা আর্চার। ১ চার ও ২ ছক্কা ৩২ রানে অপরাজিত আছেন এই পেসার। রুটের ১৫ চার ও ১ ছক্কার ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩২৫ রান তুলেছে ইংল্যান্ড।
রুটের অপেক্ষা শেষের আগে দিবারাত্রির টেস্টে পেসের ঝড় তোলেন স্টার্ক। শুরুটাও করেন প্রথম ওভারেই। শেষ বলে বেন ডাকেটকে ‘গোল্ডেন ডাকের’ তিক্ত স্বাদ দিয়ে। ফিরতি ওভারে ওলি পোপকে ‘ডাক’ উপহার দেন বাঁহাতি পেসার।
দলীয় ৫ রানে ২ উইকেট হারিয়ে আরেকবার ব্যাটিং ধসের শঙ্কায় পড়েছিল ইংল্যান্ড। কেননা অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও বিধ্বংসী ছিলেন স্টার্ক। ৭ উইকেট নিয়ে সফরকারীদের ১৭২ রানে অলআউট করেছিলেন। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি। তৃতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়ে সেই শঙ্কা দূর করেন জ্যাক ক্রলি ও রুট। ৭৬ রানে ক্রলিকে ফিরিয়ে জুটি ভাঙেন মাইকেল নাসের। এরপরেই শুরু হয় স্টার্কের পেস তাণ্ডব শুরু হয়। ১৮তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তার আগে স্টিভেন স্মিথের হাতে হ্যারি ব্রুককে ক্যাচ বানিয়ে একটা রেকর্ডও গড়েন তিনি। বাঁহাতি পেসারদের মধ্যে এখন সর্বোচ্চ ৪১৮ উইকেট স্টার্কের। পেছনে ফেলেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে। বাঁহাতি পেসারের উইকেট সংখ্যা ৪১৪। সবমিলিয়ে দিন শেষে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। রান খরচ করেছেন ৭১। তবে ধ্বংসযজ্ঞ চালিয়েও শেষটায় একটু হতাশা নিয়েই মাঠ ছেড়েছে স্টার্ক ও তার দল। অলআউট করতে মরিয়া হওয়া অস্ট্রেলিয়া ভাঙতে পারেনি ইংল্যান্ডের শেষ জুটি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রানের জুটি গড়েছেন রুট-আর্চার।

