১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জন্মদিনে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

প্রতিদিনের ডেস্ক
নিজের ২৭তম জন্মদিনটি স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর এক ক্যালেন্ডার বছরে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বজায় রাখল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই সেভিয়ার রক্ষণে চাপ দিচ্ছিল রিয়াল। বিরতির সাত মিনিট আগে ডেডলক ভাঙেন জুড বেলিংহ্যাম। রদ্রিগোর চমৎকার ফ্রি-কিকে লুসিয়েন আগুমের চেয়ে উঁচুতে লাফিয়ে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে সেভিয়া। তবে বেলিংহ্যামকে ফাউল করে মার্কাস দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি রিয়ালের হাতে চলে আসে। পুরো ম্যাচে এমবাপ্পে কিছুটা দুর্ভাগ্যের শিকার হচ্ছিলেন। প্রথমার্ধে কোনো শট লক্ষ্যে রাখতে না পারা এবং দ্বিতীয়ার্ধে তার একটি শট ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে। তবে ম্যাচের ৮৬ মিনিটে ভাগ্য সহায় হয়। বক্সের ভেতর রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে। এই গোলের মাধ্যমেই ২০১৩ সালে রোনালদোর গড়া ৫৯ গোলের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেন তিনি। ম্যাচের শেষ দিকে বেলিংহ্যাম ফাউলের শিকার হলে দ্বিতীয় পেনাল্টি পেতে পারত রিয়াল। রেকর্ডটি এককভাবে নিজের করার সুযোগ ছিল এমবাপ্পের সামনে, কিন্তু ভিএআর রিভিউতে সেই পেনাল্টি বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, ‘আজকের দিনটি বিশেষ কারণ এটি আমার জন্মদিন। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে নিজের জন্মদিনে খেলা সবসময়ই আমার কাছে স্বপ্নের মতো ছিল। জয়ের মাধ্যমে বছর শেষ করাই আমাদের লক্ষ্য ছিল। আর রোনালদোর মতো কিংবদন্তির রেকর্ডে ভাগ বসানো আমার জন্য অনেক বড় সম্মানের। তিনি আমার আদর্শ এবং এই ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়।’ এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানের লড়াই আরও জমে উঠল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়