প্রতিদিনের ডেস্ক
বিগত কয়েক বছর ধরে রংপুর রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ নুরুল হাসান সোহান। বিপিএলে তার নেতৃত্বেই খেলছে তিস্তা পাড়ের দলটি এবং তার হাত ধরেই জিএসএলের শিরোপা জিতেছে রংপুর।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিপিএলে পুনরায় দলের নেতৃত্বে থাকবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।রংপুরের হয়ে এবারের বিপিএলে খেলবেন লিটন কুমার দাসও। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটনকে মোটা অঙ্কের টাকায় দলে ভিড়িয়েছে রংপুর। পাশাপাশি জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা মাহমুদউল্লাহ রিয়াদও দলের অংশ থাকছেন, যদিও নতুন অধিনায়ক হিসেবে নয়, বরং পুরনো কাপ্তানের ওপরই আস্থা রেখেছে রংপুর ম্যানেজমেন্ট।
রংপুর রাইডার্স একবার বিপিএলে শিরোপা জিতেছিল ২০১৭ সালে, যখন দলটির নেতৃত্ব দেন মাশরাফি বিন মর্ত্তজা। এরপর সোহানের নেতৃত্বে জিএসএল চ্যাম্পিয়ন হয় রংপুর। এবার তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দলটি।
দলের স্কোয়াডে এবারও তারকা ক্রিকেটাররা রয়েছেন নাহিদ রানা, খুশদিল শাহ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, ডেভিড মালান, ফাহিম আশরাফসহ আরও অনেক। সব মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার রংপুর রাইডার্স।
