১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

প্রতিদিনের ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।একই আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতার কারণে ফেনী-১ আসনে তার বিকল্প হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।বিএনপি চেয়ারপারসন ফেনী-১ আসন থেকে এর আগে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, আলাল উদ্দিন আলালসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।একই সময়ে ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিন এবং ফেনী-৩ আসনে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ ছাড়া ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া এবং ফেনী-৩ আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন এবং ফেনী-৩ আসনে ১৬ জনসহ মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়