নিজস্ব প্রতিবেদক
হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় যখন যশোর শহরের সকালগুলো আরও বেশি কঠিন হয়ে ওঠে, ঠিক তখনই মানবিকতার উষ্ণতায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় যশোর শহরের লালদিঘি পাড় এলাকায় শীতার্ত দরিদ্র, অসহায় ও দিনমজুর মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কনকনে ঠান্ডা উপেক্ষা করে যারা ভোর থেকেই জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েন, রিকশাচালক, শ্রমিক, ভ্যানচালক কিংবা বয়স্ক মানুষ-তাদের সবার জন্যই ছিল এই মানবিক সহায়তা। কম্বল বিতরণের সময় অনিন্দ্য ইসলাম অমিত প্রতিটি মানুষের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং শীতের কষ্ট লাঘবে পাশে থাকার আশ্বাস দেন। তার আন্তরিক আচরণে শীতার্ত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। এ সময় তিনি বলেন, “আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন এমপি নির্বাচিত হয়ে যশোর সদরের মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে পারি।” দিনমজুর রহিম মিয়া বলেন, ভোরে কাজে বের হই, ঠান্ডায় হাত-পা শক্ত হয়ে যায়। সোমবার এই কম্বলটা পেয়ে মনে হচ্ছে কেউ আমাদের কথা ভাবছে।” সালমা বেগম জানান, এই বয়সে শীত সহ্য করা খুব কষ্ট। উনি নিজে এসে কম্বল দিলেন, কথা বললেন, মনটা ভরে গেছে। জসিম উদ্দিন নামের এক রাজমিস্ত্রি বলেন, রাজনীতিবিদরা অনেক সময় ভোটের সময়েই আসে। কিন্তু উনি সকালে এসে আমাদের পাশে দাঁড়ালেন, এটা সত্যিই ভালো লাগার মতো। শীতের সকালে অনিন্দ্য ইসলাম অমিতের এই উদ্যোগ শুধু কম্বল নয়, অসহায় মানুষের জন্য নিয়ে আসে কিছুটা উষ্ণতা, ভরসা আর মানবিকতার স্পর্শ।

