প্রতিদিনের ডেস্ক
এই মুহূর্তে ‘টক অব দ্য ক্রিকেট’ মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে বাঁহাতি পেসারকে বাদ দেওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যে দারুণ এক লড়াই চলছে। নিরাপত্তা-শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। গতকাল আইসিসির এক চিঠির জবাবে বিসিবি ও বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এ ছাড়া মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এত কিছুর মাঝেও মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেননি বাংলাদেশি বোলার। উল্টো কাটার, স্লোয়ার ও ইয়র্কারে ব্যাটারদের ‘বাঁদর নাচ’ করে আনন্দে আছেন বিপিএলে। মুস্তাফিজ ‘বিন্দাস’ এবং ‘চিল’ মুডে আছেন বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এবার শিষ্যকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ মিকি আর্থার। মুস্তাফিজকে ‘ভদ্র’ ছেলে সম্বোধন করে রংপুরের কোচ জানান, তার সঙ্গে যা হয়েছে তা সত্যি হতাশাজনক। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ায় নিলামে ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হয়েও তাই খেলা হচ্ছে না তার। শিষ্যর দল পেয়েও না খেলার বিষয় নিয়ে আর্থার বলেছেন, ‘ওকে ম্যানেজ করতে কোনো সমস্যাই হয় না। সে কেবল প্রতিদিন মাঠে যায় আর সামর্থ্যের সেরাটা দিয়ে আসে, যা হয়েছে, তা সত্যিই হতাশাজনক। তার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ভালো একটা চুক্তি ছিল আর এরপর যা হয়েছে সত্যিই হতাশাজনক।’দারুণ পেশাদার এবং ভদ্র ছেলে বলে মুস্তাফিজ একরকম ‘সার্টিফিকেট’ দিয়েছেন আর্থার। তিনি বলেছেন, ‘সে দারুণ পেশাদার। আমাদের জন্য দুর্দান্ত একজন। বোলার হিসেবে তাঁর মান কেমন, তা আমরা জানি; সে দুনিয়ার বাকিদের মতোই ভালো, যদি তাঁদের চেয়েও ভালো না হয়। দলের জন্য নিবেদিত আর খুবই ভদ্র ছেলে।’

