অভয়নগর সংবাদদাতা
জ্বালানি কাঠ আনতে যাওয়ার পথে যশোরের অভয়নগরে শ্যালোইঞ্জিনচালিত নছিমন উল্টে নূর আলী শেখ (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলী শেখ বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার মাসুম শেখের ছেলে। নিহতের মামাতো ভাই সাকিব শেখ জানান, সকাল সাড়ে ১০টার দিকে নূর আলী শেখ জ্বালানি কাঠ আনতে বাঘুটিয়া থেকে সিংগাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। সিংগাড়ী বাজারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম মুনমুন জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুপুরে হাসপাতাল থেকে লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
