প্রতিদিনের ডেস্ক
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার একটি ছোট বিমান নিখোঁজের পরে বিধ্বস্ত হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ এবং একজনের মরদেহ রবিবার উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। ওই বিমানে ১০ জন আরোহী ছিলেন। ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের টার্বোপ্রপ বিমানটি শনিবার যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করে আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের মধ্যে ‘বিমানের ফিউজলাজ, লেজের অংশ এবং জানালা’ বলে ধারণা করা অংশগুলো খুঁজে পেয়েছে বলে এক সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার জানান। আরিফ বলেন, ‘একই এলাকায় একটি খাড়া পাহাড়ি ঢালে একজন ভুক্তভোগীর মরদেহ পাওয়া গেছে।’ তিনি মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান। তিনি বলেন, ‘একজন পুরুষ ভুক্তভোগীর মরদেহ পাওয়া গেছে… প্রায় ২০০ মিটার গভীর খাদে, বিমানের ধ্বংসাবশেষের কাছাকাছি।’ আরেক স্থানীয় উদ্ধার কর্মকর্তা আন্দি সুলতান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি সোমবার সরিয়ে নেওয়া হবে। বিমানে সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সরকারি কর্মী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন।

