১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত পাকিস্তানের

প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের মাটিতে খেলতে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবি জানিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি মানতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে। এদিকে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানও আসন্ন বিশ্বকাপ বয়কট করতে পারে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ সূত্রের বরাত দিয়ে আজ জানায়, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবি না মানে এবং বাংলাদেশ অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে। মূলত ঢাকা ও দিল্লির রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও পড়েছে। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে চুক্তি থাকা সত্ত্বেও এ বছর আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলে রাখা হয়নি। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। পরবর্তীতে ভারতে বিশ্বকাপ খেলবে না বলে জানানো হয়েছে। বাংলাদেশের দাবি না মানায় এখন বিসিবির সামনে দুটি কঠিন পথ আছে। একদিকে তারা তাদের অবস্থান থেকে সরে এসে ভারতে খেলতে পারে, অন্যদিকে দল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে আইসিসি অন্য দলকে সুযোগ দিতে পারে। ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগে বলেছেন, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলার জন্য তিনি আইসিসির কাছে আরও সময় চেয়েছিলেন। প্রতিবেদনের সূত্রগুলো বলেছে, আজ এ বিষয়ে সরকার খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবে। এরপরই অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে সূত্রগুলো জানিয়েছে, সিনিয়র বেশিরভাগ খেলোয়াড় বিশ্বকাপে খেলতে আগ্রহী। আইসিসি তাদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকলে সূচি পরিবর্তন করা ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর জন্য নজির তৈরি করতে পারে এবং টুর্নামেন্টের নিয়ম-শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে। সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে। তাদের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় হওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়