২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে জামায়াতের নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মঙ্গলবার ঈদগাহ ময়দানে আসছেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফর ও নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনার তাপমাত্রা। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে জেলার আট উপজেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াত নেতারা জনসভার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক টিম, শৃঙ্খলা কমিটি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, আমিরে জামায়াতের এই সফরকে কেন্দ্র করে যশোরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনসভাটি যশোরের রাজনৈতিক বাস্তবতায় নতুন মাত্রা যোগ করবে। জেলা জামায়াত সূত্র জানায়, এই জনসভায় যশোরের ছয়টি সংসদীয় আসনে ‘১০-দলীয় জোট’ সমর্থিত প্রার্থীরাও উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। এতে করে নির্বাচনী মাঠে জামায়াতের অবস্থান ও দিকনির্দেশনা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, গোলাম কুদ্দুস, জেলা দপ্তর সম্পাদক নুরে আলী নূর আল-মামুন, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়