১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতি‌বেদক
যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজনৈতিক জনসভা শুরু হয়েছে। প্রথমেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশাল জনসভার আয়োজন করে। সভায় এবারের নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন, ভোটে জামায়াত ক্ষমতায় গেলে দেশে একটি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। তিনি প্রাচীন জেলা অবহেলিত যশোরকে সিটি কর্পোরেশনে উন্নিত করার প্রতিশ্রুতি দেন। যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর রহমতে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে যশোর শহরকে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। এছাড়া তিনি যশোরে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মানোন্নয়ন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং ভৌত অবকাঠামোসহ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এই দাবিগুলো কোনো করুণা নয়, বরং যশোরবাসীর ন্যায্য অধিকার। ন্যায়বিচার ও প্রতীকী তাৎপর্য দলের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র তাৎপর্য তুলে ধরে আমির বলেন, দাঁড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক। ইনশাআল্লাহ, এই পাল্লার মাপে কোনো কমবেশি করা হবে না। প্রতিটি মানুষের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। গণভোট ও মুক্তির ডাক জনসভায় উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “হ্যাঁ মানে আজাদী (মুক্তি), আর না মানে গোলামী। তিনি বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশে চাঁদাবাজির রাজনীতি বন্ধ হবে, বাংলাদেশ বিজয়ী হবে। এ কারণে কোন কোন রাজনৈতিক দল হ্যাঁ পক্ষে মুখ খুলছে না। হ্যাঁ বিজয়ী হলে তাদের চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ হয়ে যাবে। তিনি জনগণকে সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকারে অংশ নেওয়ার অনুরোধ জানান। শেষে ডা. শফিকুর রহমান যশোরে ১০-দলীয় জোটের মনোনীত প্রার্থীদের উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন। তিনি দেশের টেকসই উন্নয়নের স্বার্থে জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাসূল। বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়