১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর

প্রতিদিনের ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নির্বাচনে পক্ষপাতিত্বের এক সুতা পরিমাণ বিচ্যুতিও বরদাশত করা হবে না। যদি কারো বিরুদ্ধে পক্ষপাতির প্রমাণ পাওয়া যায়, তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।’​মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।​ইসি সানাউল্লাহ বলেন, অতীতের অনেক প্রতিষ্ঠান তাদের ভাবমূর্তি হারিয়েছে শুধু স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাবে। বর্তমান কমিশন সেই ভুলের পুনরাবৃত্তি চায় না। তিনি আশ্বস্ত করেন কমিশন বা সরকারের পক্ষ থেকে পক্ষপাতমূলক কোনো নির্দেশনা দেওয়া হবে না। তবে কেউ যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বশবর্তী হয়ে দায়িত্ব অবহেলা করেন, কমিশন তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।​এবারের নির্বাচনকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের লড়াই। তথ্য-প্রযুক্তির এই যুগে এটিই প্রথম বড় নির্বাচন এবং এবারই প্রথম কার্যকরভাবে পোস্টাল ব্যালট বাস্তবায়ন করা হচ্ছে। এই নির্বাচনকে ‘খরার পর বৃষ্টির মতো’ বলে অভিহিত করে তিনি বলেন, অতীতের তুলনায় এবার প্রার্থীদের মধ্যে আচরণবিধি মেনে চলার প্রবণতা অনেক বেশি লক্ষ করা যাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথকে সুগম করেছে।​ ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনিরা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ।এ ছাড়া সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং থানাসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়