২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

নির্বাচনে পুলিশের পক্ষপাতিত্বের সুযোগ নেই, সর্বোচ্চ পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশনা: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক
খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক রেজা পিপিএম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ও জনগণকে সর্বাত্মক সহযোগিতা করাই পুলিশের প্রধান লক্ষ্য। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই এবং ভোটের বাক্সের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। পুলিশের মূল দায়িত্ব হলো ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। ডিআইজি রেজা বলেন, পুলিশ একটি রাষ্ট্রীয় দায়িত্বশীল বাহিনী। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহায়তা করাই পুলিশের প্রধান কাজ। নির্বাচনকালীন সময়ে কোনো পুলিশ সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আইনসম্মত সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই পুলিশের মূল উদ্দেশ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন অতীতের তুলনায় আরও সুশৃঙ্খল, নিরপেক্ষ ও সফল হবে। ভোটকেন্দ্র দখল, ব্যালেট বাক্স ছিনতাই, জাল ভোটসহ যেকোনো অনিয়ম কঠোরভাবে প্রতিরোধ করা হবে। ডিআইজি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত প্রয়াস। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন সম্ভব। প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া দল গঠনের বিষয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়