৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে দিলীপ সিংহ মেম্বারের উপর আবারও অতর্কিত হামলা

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে ইউপি সদস্য দিলীপ সিংহ আবারও হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে, কী তার অপরাধ এলাকার কেউ তা বলতে পারেননা? এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট রাতে দূর্বৃত্তরা তার বাড়িতে হামলা করে লুটপাট শেষে অগ্নি সংযোগ দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেয়। গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শনিবার বিকেলে স্থানীয় খাটুয়াডাংগা বাজার থেকে বাড়ি ফেরার পথিমধ্যে আলতাফ হোসেনের দোকানের সামনে তাকে গতিরোধ করে আম্রঝুটা গ্রামের জহুরুল ইসলাম নামে এক ব্যক্তি সাঙ্গপাঙ্গ নিয়ে তার উপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে মেম্বার দিলীপকে বাঁচাতে ছুটে আসলে হামলাকারী জহুরুল দৌড়ে পালিয়ে যায়। আহত দিলীপ সিংহের পরিবার সূত্রে জানাযায় তারা সংখ্যালঘু পরিবার হওয়ায় প্রাণের ভয়ে থানা পুলিশে অভিযোগ এবং মামলা করতে পারছেন না। তাদের উপর একের পর এক হামলা-নির্যাতন করায় পরিবারটি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিলীপ কুমার সিংহ মণিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আম্রঝুটা-সাতগাতী গ্রামের মেম্বার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়