প্রতিদিনের ডেস্ক:
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই দলিল ও চাবি হস্তান্তর করা হয়। হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা।এর আগে শরীফ ওসমান হাদির গত ২০ জানুয়ারি ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়া হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়।সবশেষ সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। গত ১৮ ডিসেম্বর রাতে প্রাণ হারান হাদি।

