২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন যেসব দেশের নেতা

প্রতিদিনের ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১৩ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ এশিয়ার কয়েকটি দেশের সরকারপ্রধান বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বলা হয়েছে, নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিনন্দন, এবং একটি নতুন অধ্যায়ের সূচনায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। যুক্তরাজ্যের অভিন্ন অগ্রাধিকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার ওপর একসাথে কাজ করার জন্য আমরা উন্মুখ। বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব এবং পারস্পরিক অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। বিএনপিকে বড় জয়ের দিকে নিয়ে যাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার এক বার্তায় তিনি এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তাদের এই অভাবনীয় নির্বাচনী বিজয়ে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি প্রকৃত অর্থেই গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের মানুষ নানা চড়াই-উতরাই ও অসাধারণ সব চ্যালেঞ্জ পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এদিকে সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন। শুক্রবার বেলা ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ শুভেচ্ছাবার্তা দেয় ঢাকাস্থ চীনা দূতাবাস। বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সঙ্গে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়