প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর পক্ষে অবস্থান নিয়ে তাকে দুর্নীতির মামলা থেকে ক্ষমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, যুদ্ধকালীন সময়ে নেতানিয়াহু একজন ‘দারুণ প্রধানমন্ত্রী’ হিসেবে কাজ করেছেন। এ জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্নীতির অভিযোগের জন্য ক্ষমা পাওয়া উচিত। এ সময় তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ–এর সমালোচনা করে বলেছেন, নেতানিয়াহুকে এখনও ক্ষমা না দেওয়ায় ইসরায়েলের জনগণের উচিত হার্জগকে লজ্জা দেওয়া। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে এ বৈঠক হয়। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটি ছিল সপ্তম বৈঠক। বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্পের এ মন্তব্য নিয়ে জানতে চাইলে আইজ্যাক হার্জগ–এর দপ্তর জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর আবেদন আইনি মতামতের জন্য ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ে পর্যালোচনায় রয়েছে। প্রক্রিয়া শেষ হলে প্রেসিডেন্ট বিষয়টি বিবেচনা করবেন। হার্জগের দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র, যা আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যে যে ধারণা তৈরি হয়েছে, তার বিপরীতে প্রেসিডেন্ট হার্জগ এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।

