২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

প্রতিদিনের ডেস্ক
ক্রিকেটের বাইরে এবার নতুন করে আলোচনায় ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান। কিছুদিন আগে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের অন্যতম নায়ক ছিলেন। এবার প্রেম জীবন নিয়ে ফের সংবাদের শিরোনাম হলেন তিনি। অনেকদিন ধরেই ভারতের মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে এই ক্রিকেটারের। বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে মুখ খুলেছেন ঈশানের দাদা ও মা। যদিও এ প্রসঙ্গে দুজনের মতপার্থক্য স্পষ্ট।
তার দাদা অনুরাগ পান্ডে গণমাধ্যমকে জানান, অদিতি তার নাতির প্রেমিকা। যদিও ঈশানের মা সূচিত্রা দেবীর দাবি, এসব কেবলই গুঞ্জন। এখন প্রেম নয়, ঈশানের খেলায় মনোযোগ দেওয়ার সময় বলেও নিজের মতামত প্রকাশ করেন সূচিত্রা।ভারতের বার্তা সংস্থা এএনআইকে ঈশানের দাদা অনুরাগ পান্ডে বলেন, ‘বিয়ের জন্য ঈশান যাকেই পছন্দ করুক, আমরা মেনে নেব। আমরা সে জন্য প্রস্তুত। অদিতি তার প্রেমিকা। সে একজন মডেল। সন্তানরা যেটায় সুখী হয়, তা মেনে নেওয়া উচিত।’
শ্বশুরের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেন ঈশানের মা সূচিত্রা দেবী। তিনি বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে আইএএনএসকে বলেন, ‘বিয়ে নয়, এখন তার (ঈশান কিষানের) ক্রিকেট খেলার সময়। বিয়ে নিয়ে কথা বলার মতো বয়স তার এখনো হয়নি। এছাড়া শ্বশুরের কথার প্রেক্ষিতে সূচিত্রার জবাব, ‘দাদার বয়স হয়েছে। একটু বয়স্ক ব্যক্তিরা অল্প কিছুতেই উত্তেজিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো কিছু না কিছু আসতেই থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখেছেন, সেসবের ভিত্তিতেই তিনি এসব বলেছেন।’
উল্লেখ্য, ঈশানের কথিত প্রেমিকা অদিতি হুন্ডিয়া ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট ছিলেন। তার বাবা জয়পুরের একজন ব্যবসায়ী। মডেল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার অদিতিকে এর আগে বিভিন্ন সময়ে আইপিএল ও জাতীয় দলে ঈশানকে সমর্থন জোগাতে গ্যালারিতে উপস্থিত দেখা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়