নিজস্ব প্রতিবেদক
যশোরে পারিবারিক বিরোধের জেরে গলায় ফাঁস দিয়ে নাঈম ইসলাম (২১) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপশহরের সি ব্লকে ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঈম ইসলাম মাগুরা জেলার সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি উপশহরের সি ব্লকে পারভেজ মাসুদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী তাসফিয়ার ওড়না দিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে স্ত্রী ও সহযোগী ইয়াসিন হোসেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

