খুলনা প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে খুলনায় মুখরোচক খাবারে ইফতার বাজার জমে উঠেছে। ভ্রাম্যমাণ দোকানে ভরে উঠেছে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত। দুপুর থেকে মুসলমানরা ভিড় জমাচ্ছেন পাড়া-মহল্লার ইফতারির দোকানে। এসব দোকানে ইফতারের সময় পর্যন্ত চলে বেচাকেনা। একই সাথে অভিজাত হোটেল-রেস্তোরাঁর ইফতারে রাজকীয় আয়োজন করা হয়েছে। সামর্থবানরা ছুটছেন সেখানে। দম ফেলার যেন ফুরসত নেই কারিগরদের। ক্রেতারা বলছেন, ঘরে আয়োজন থাকলেও বাইরের খাবারের আকর্ষণ আলাদা। যার কারণে দুপুরের পর থেকেই ইফতারীর দোকানে ভিড় করেন। সরেজমিন দেখা গেছে, রমজানের সাধারণ ইফতার সামগ্রী অর্থাৎ পেঁয়াজু, বেগুনি, ছোলা-মুড়ি, চপ, শরবত, জিলাপি ছাড়াও হরেক রকমের বাহারি খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা। হালিম,চিকেন ফ্রাই, চিকেন চাপ, চিকেন তেহারিসহ নানান ধরনের মুখরোচক পদ তো রয়েছেই। দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেলে ম্যানেজার মো. সাইদুর রহমান সোহেল বলেন, দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেলে ৭৫০ টাকার শাহী মোঘল প্লাটার ও ১০৫০ টাকার প্লাসিড প্লাটারের ইফতারীর প্যাকেজ রয়েছে। হোটেল রয়েল ইন্টারন্যাশনালের ম্যানেজার মো. সাইফুল ইসলাম বলেন, হোটেল রয়েল ইন্টারন্যাশনালে ৫৯৫ টাকা ও ৯৯৫ টাকায় ইফতারীর প্যাকেজ রয়েছে। এছাড়া প্রায় অর্ধশত ইফতার আইটেম রয়েছে এ হোটেলে। সাত রাস্তার মোড়ের শামীম হোটেলের মালিক শামীম হোসেন বলেন, পিয়াজু, বেগুণী ও আলুর চপ ৫ টাকা, জেলাপী-১০, ছোলা দেড় ‘ টাকা কেজি, ডিমের চপ অর্ধেক ১৫ টাকা, পুরো ৩০ টাকা, হালিম ১০০ টাকা ও ২০০ টাকা, চিকেন ফ্রাই ৩০ টাকা দরে বিক্রি করছি। বিক্রি মোটামুটি ভালো।

