উৎপল মণ্ডল, শ্যামনগর
সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং কয়েক মন মহাবিপন্ন প্রজাতির শাপলা পাতা মাছ জব্দ করা হয়। মান্দারবাড়িয়া সংলগ্ন নদী এলাকায় মাছ আহরণের সময় জেলেদের আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। অভিযানকালে দুটি ট্রলার থেকে, দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি প্রায় ৪০০ কেজি শাপলা পাতা মাছও জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। এবং আটক ২২ জন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশ্চিত করেছেন।আটককৃত জেলেরা হলেন, পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিপুর গ্রামের মমিনুদ্দিন হাওলাদারের ছেলে মোঃ ছোমেদ (৪৫), একই থানার আলীপুর গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে জামাল হওলাদার (৩২), আবুল ফরাজ হাওলাদারের ছেলে মোঃ কালু (৪৮), আব্দুল মজিদ এর ছেলে ফরহাদ (৩০), আব্দুর রহমান খান এর ছেলে মোঃ ইয়াছিন খান (৪০), মোঃ শাহ আলম গাজীর ছেলে দুলাল গাজী (৩০), মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে মোঃ হানিফ হাওলাদার (৪০), জামাল হাওলাদারের ছেলে রাজীব হাওলাদার (অপ্রাপ্ত), আফজাল হাওলাদারের ছেলে ইব্রাহিম (অপ্রাপ্ত), চাপলি গ্রামের মজিবর হাওলাদারের ছেলে মোঃ রাসেল (৩০), তালতলী থানার তালতলী গ্রামের নিজাম মির এর ছেলে ইসমাইল (অপ্রাপ্ত), পটুয়াখালী সদর থানার দক্ষিণ বড়বিঘা গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়া (অপ্রাপ্ত), ও বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কোদালীয়া গ্রামের মফিজ খান এর ছেলে মোঃ শফিকুল খান (২০)। এ বিষয়ে জেলেদের কাছে জানতে চাইলে, জেলেরা বলেন কুয়াশার কারণে আমরা পথ ভুলে মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি আসলে বন বিভাগের একটি টহল দল আমাদেরকে আটক করেন।

