১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোল বল্ডফিল্ড মাঠকে ঈদগাহে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবি

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোলের ঐতিহ্যবাহী বল্ডফিল্ড মাঠকে ঈদগাহ মাঠে রূপান্তরের উদ্যোগ বন্ধ ও মাঠটি খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন দাখিল করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিকরা। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নিয়াজ মাখদুমের নিকট এ আবেদনপত্র জমা দেন এলাকাবাসীর প্রতিনিধিরা। আবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল বল্ডফিল্ড মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের একমাত্র উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আবেদনকারীরা বলেন, প্রতিদিন অসংখ্য যুবক এই মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা অনুশীলন করে। মাঠটি শুধু খেলাধুলার ক্ষেত্র নয়, বরং তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে মাঠটি ঈদগাহে রূপান্তর করা হলে ক্রীড়াঙ্গনে নেতিবাচক প্রভাব পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম উন্মুক্ত খেলার পরিবেশ থেকে বঞ্চিত হবে। তারা আরও জানান, ধর্মীয় কার্যক্রমের গুরুত্ব তারা সম্মান করেন, তবে খেলাধুলার জন্য বিকল্প কোনো মাঠ না থাকায় বল্ডফিল্ড মাঠটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এলাকাবাসী উপজেলা প্রশাসনের নিকট দ্রুত হস্তক্ষেপ কামনা করে মাঠটি স্থায়ীভাবে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবি জানান।স্থানীয়দের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়