২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিডনিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন আফঈদা-আলপিরা

প্রতিদিনের ডেস্ক
এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার সকালে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা চতুর্থ দিনের মতো অনুশীলন করেছেন আফঈদা, আলপি ও তাদের সতীর্থরা। আকাশে মেঘ থাকায় সূর্যের তাপ কম থাকলেও অনুশীলনের তীব্রতায় কোনো ঘাটতি ছিল না। আগামীকাল স্থানীয় এ-লিগ ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি ক্লোজড-ডোর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বড় আসরের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচকে।মঙ্গলবারের সেশন শুরু হয় ছয় মিনিটের দৌড় দিয়ে। এরপর ডিফেন্ডিং ও পাসিং অনুশীলনে মন দেন ফুটবলাররা। শারীরিক চাপ বিবেচনায় এদিন জিম সেশন রাখা হয়নি। অনুশীলন শেষে খেলোয়াড়রা আইস বাথ ও রিকভারি সেশনে অংশ নেন, যাতে দ্রুত পুনরুদ্ধার সম্ভব হয়। দলের প্রধান কোচ পিটার বাটলার মেয়েদের পরিশ্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, খেলোয়াড়দের প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই। তারা কঠোর পরিশ্রম করছে এবং অনুশীলনের প্রতি একনিষ্ঠ মনোভাব ধরে রেখেছে।এই সময়টাকে বিভিন্ন কৌশলগত ফরমেশন পরীক্ষা এবং দলে জায়গা পাওয়ার জন্য সুস্থ প্রতিযোগিতা তৈরির সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাটলার জানিয়েছেন, তিনি এখনো চূড়ান্ত ফরমেশন নির্ধারণ করেননি। কখনো ৩-৪-৩, আবার কখনো ৪-৩-৩ ফরমেশনে দল সাজানোর পরিকল্পনা করছেন। তবে নির্দিষ্ট কোনো ছকে আটকে না থেকে প্রীতি ম্যাচে সব খেলোয়াড়কে সুযোগ দিয়ে তাদের সক্ষমতা যাচাই করতে চান তিনি। বুধবারের ম্যাচটি দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। নতুন কৌশল মাঠে কতটা কার্যকর হচ্ছে এবং আসন্ন প্রতিযোগিতার আগে দল কতটা প্রস্তুত; তা যাচাইয়ের সুযোগ মিলবে এই লড়াইয়ে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়