প্রতিদিনের ডেস্ক
সেমিফাইলে ওঠার লড়াইয়ে নানা হিসেবে নিকেশে ব্যস্ত দলগুলো। এই মুহূর্তে প্রতিটি ম্যাচের ওপর নজর রাখছে তারা।এমন পরিস্থিতিতে ভারত-জিম্বাবুয়ে ম্যাচের আকর্ষণ এমনিতে খুব বেশি নেই।তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান বাস্তবতায় এই ম্যাচের গুরুত্বও অনেক। আর তাই মাঠে দর্শক টানার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাগতিক ভারত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেন্নাইয়ের চিপকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে লড়বে ভারত ও জিম্বাবুয়ে। এই ম্যাচ ঘিরে দর্শকদের জন্য বিশেষ পরিকল্পনা করেছে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (সিএমআরএল)। সুপার এইট পর্বের এই ম্যাচ উপলক্ষে ম্যাচের টিকিটধারীদের জন্য বিনা মূল্যে মেট্রো যাতায়াতের ঘোষণা দিয়েছে সংস্থাটি। চিপকে ভারত-জিম্বাবুয়ে লড়াই দেখতে যাওয়া দর্শকরা নিজেদের ম্যাচের টিকিট দিয়ে মেট্রো ভ্রমণ করতে পারবেন।
প্রতিটি টিকিটে থাকা ইউনিক কিউআর কোডটি মেট্রো স্টেশনের অটোমেটিক ফেয়ার কালেকশন গেটে স্ক্যান করলে মিলবে প্রবেশাধিকার। ম্যাচের দিন যে কোনো মেট্রো স্টেশন থেকে গভর্নমেন্ট স্টেট মেট্রো স্টেশন পর্যন্ত একবার যাওয়া ও একবার ফেরার সুযোগ থাকবে।দর্শক চাপের সম্ভাবনা মাথায় রেখে ম্যাচ-পরবর্তী ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থাও রেখেছে সিএমআরএল। ম্যাচের দিন মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত। রাত ১২টায় গভর্নমেন্ট এস্টেট স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যাবে। এক বিবৃতিতে সিএমআরএল জানায়, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) সঙ্গে যৌথ উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে ম্যাচ দেখতে আসা সমর্থকদের যাতায়াত হয় নির্বিঘ্ন।
সেমি ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ভারতের সামনে জিম্বাবুয়েকে হারানো ছাড়া বিকল্প নেই। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর ভারতের সমীকরণ কঠিন হয়ে গেছে। তাই জয় পেলে ভারতের আশা বেঁচে থাকবে, তবে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকেও।
জিম্বাবুয়ের কাছে হারলে কার্যত শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নদের। চেন্নাইয়ে তাই শুধু দর্শকদের উচ্ছ্বাস নয়, ভারতের জন্যও এটি বাঁচা-মরার লড়াই।

