প্রতিদিনের ডেস্ক
চলতি মাসে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলন বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইন। এই রেকর্ডের মধ্যে দিয়ে তিনি পর্তুগাল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন। বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। এই মুহূর্তে পর্তুগিজ তারকার আরেকটি রেকর্ড ভাঙার খুব কাছাকাছি রয়েছেন ইংলিশ অধিনায়ক।
২০১২ সাল থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটি নিজের দখলে রেখেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ৯২ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছিলেন এই ফরোয়ার্ড। এরপর অনেকে কাছাকাছি গেলেও সেই রেকর্ড অটুট আছে এখনো। আর্লিং হলান্ডের লেগেছে ১১১ ম্যাচ, লুইস সুয়ারেজের ১১৪ এবং জ্লাতান ইব্রাহিমোভিচের ১১৫ ম্যাচ।
টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগে ১৪১ ম্যাচে ১০০ গোল করে ইতোমধ্যেই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কেইন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর আরও ভয়ংকর হয়ে উঠেছেন— বুন্দেসলিগায় ৮৬ ম্যাচে করেছেন ৯০ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নে কেইনের গোলসংখ্যা ১৩২ ম্যাচে ১২৮। রোনালদোর রেকর্ড ভাঙতে সামনের পাঁচ ম্যাচে কেইনকে করতে হবে ১০ গোল। আর ৬ ম্যাচে করলে রোনালদোর সমান হবেন। চলতি মৌসুমে বুন্দেসলিগায় গড়ে প্রতি ৬৬.৪ মিনিটে একটি করে গোল করছেন কেইন। পরের পাঁচ ম্যাচে যদি পূর্ণ ৯০ মিনিট খেলেন, তাহলে রেকর্ড ভাঙতে গড়ে প্রতি ৪৫ মিনিটে একটি করে গোল করতে হবে তাকে। বর্তমান ফর্ম বিবেচনায় সেটি অসম্ভবও নয় কেইনের জন্য।

