১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মারধরের অভিযোগ নিয়ে যা বললেন তানজিন তিশা

প্রতিদিনের ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে আরেক অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জে দৃশ্য ধারণের সময় অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করেন তিশা। মঙ্গলবার বিকালে এক ফেসবুক লাইভে এসে এমনটা জানান অথৈ। মূল ঘটনা ঘটে গত ২রা মার্চ, অথৈ’র প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে অথৈকে খামচি দেন, এতে তার হাত থেকে রক্ত বের হয়। ঘটনাটি সবার সামনেই ঘটে। অথৈ দাবি করেছেন, অপমানজনক ও যন্ত্রণাদায়ক পরিস্থিতি সত্ত্বেও তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেননি। শুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু।
অপ্রত্যাশিত ঘটনায় সেলিম বিস্ময় প্রকাশ করে অথৈয়ের কাছে জানতে চান, আগে থেকে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা- তখনই অথৈ নাকি তিশার অতীত একটি হুমকির প্রসঙ্গ তোলেন। অথৈ’র দাবি, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তিশা তাকে ফোন করে হুমকি দেন। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও ক’জনকে ফারহানের সঙ্গে কাজ না করার জন্য সতর্ক করেন। কারণ জানতে চাইলে তিশা নাকি দাবি করেন, ফারহান তার ‘জামাই’। এদিকে, সামিয়া অথৈ’র অভিযোগ অস্বীকার করেছেন তিশা। তিনি বলেন, নাটকটিতে আমি একজন স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছি।
যে তার চরিত্রের প্রয়োজনে কাউকে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে। কাজটি মুক্তি পেলেই আপনারা দেখতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে। সামিয়া অথৈ’র অভিযোগ নিয়ে তিশা বলেন, সে এমনভাবে লাইভ করেছে, আমি হয়তো তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি; কিন্তু এমন কিছুই নেই এখানে; আমি যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি এবং যতটুকু স্ক্রিপ্টে আছে ততটুকুই করেছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়