১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ট্রলি ঠেলে রোগী বহনের বিনিময়ে স্বজনদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক দীর্ঘদিন ধরে কোনো নির্ধারিত পারিশ্রমিক ছাড়াই রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য ট্রলি ঠেলার কাজ করে আসছেন। এ সময় তারা রোগীর স্বজনদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে নিয়ে থাকেন। অভিযোগ রয়েছে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত সম্প্রতি সিদ্ধান্ত দেন যে ট্রলি ঠেলে রোগী পরিবহনের সময় স্বজনদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া যাবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবক মফিজুল হক সাগরের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন স্বেচ্ছাসেবক শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা দাবি জানান, রোগীর স্বজনদের কাছ থেকে টাকা না নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় তাদের কাজের বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। তবে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রায় ৩০ মিনিট অবস্থান কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবকরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে গিয়ে নিজ নিজ কাজে ফিরে যান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়