১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে অবৈধভাবে মবিল বোতলজাত ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝুমঝুমপুর এলাকার মান্দারতলা বাজারে অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার পরিচালিত তদারকি অভিযানে মেসার্স এস এম লুভ নামের প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদনপত্র ছাড়াই এইচডি-৫০, ২০ডাব্লিউ-৪০ ও ২০ডাব্লিউ-৫০সহ বিভিন্ন নামের বোতলজাত মবিল তৈরি করছে। এছাড়া মবিলের মান পরীক্ষার জন্য তাদের নিজস্ব কোনো ল্যাব না থাকলেও ম্যানুয়াল পদ্ধতিতে বোতলজাত করে তা বাজারজাত করা হচ্ছিল। এ ঘটনায় অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে ভোক্তা পর্যায়ে সরবরাহ না করার অপরাধে ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে প্রতিষ্ঠানটিকে মোট এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, বিএসটিআইয়ের কর্মকর্তা, ক্যাব যশোরের সদস্য এবং র‍্যাব-৬ এর একটি চৌকস দল। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়