প্রতিদিনের ডেস্ক:
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। গতকাল সোমবার সংসদ ভবনে চিফ হুইপের অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। দলের অন্য সদস্যরা হলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম।সাক্ষাতে উভয়পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপরও গুরুত্বারোপ করা হয়।সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে হওয়া বৈঠকটি সংসদকে প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

